বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় পাসপোর্ট অফিসের কর্মকর্তা হাসপাতালে
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ২৯ মার্চ, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বগুড়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) শাহজাহান কবিরকে রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের কৈগাড়ী মৎস্য অধিদফতরের সামনের রাস্তার উপরে প্রকাশ্যে ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিলিমপুর টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই আব্দুল আজিজ জানান, পাসপোর্ট অফিসের এই কর্মকর্তা নিজ গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কোয়ার্টার থেকে বের হয়ে রিকশায় রওনা হন। পথিমধ্যে কৈগাড়ী মৎস্য অধিদফতরের সামনে পৌঁছালে কয়েকজন মুখোশধারী ব্যক্তি রিকশার গতিরোধ করে শাহজাহান কবিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটে পড়লে মুখোশধারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করা হয়।
