নোবিপ্রবি পরিদর্শনে নেদারল্যান্ডসের ওয়াখিনিংগেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চার ক্যাথেরিন
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের ওয়াখিনিংগেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চার ক্যাথেরিন টারভিস্কা ভ্যান শেলটিঙ্গা। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) নোবিপ্রবি পরিদর্শনকালে তিনি একটি সেমিনারে অংশগ্রহণ করেন এবং ল্যাব পরিদর্শন করেন।
সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নেদারল্যান্ডস সফরকালে স্বনামধন্য ওয়াখিনিংগেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চার ক্যাথেরিন টারভিস্কা ভ্যান শেলটিঙ্গার সঙ্গে একাডেমিক সভা করেন এবং শিক্ষা ও গবেষণায় উভয় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ফলপ্রসু আলোচনা করেন। এরই অংশ হিসেবে নেদারল্যান্ডসের এ সিনিয়র রিসার্চার নোবিপ্রবি সফর করছেন।
নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে ‘ইনফরমেশন এন্ড লার্নিং এক্সচেঞ্জ রিলেটেড টু চেঞ্জিং ওয়াটার এন্ড ফুড সিস্টেমস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে ছিলেন সিনিয়র রিসার্চার ক্যাথেরিন টারভিস্কা ভ্যান শেলটিঙ্গা এবং নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।
এসময় রিসার্চার ক্যাথেরিন ওয়াটার এন্ড ফুড সিস্টেম ট্রানজিশন বিষয়ে আলোচনা করেন এবং প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পানি এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় যে চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে তা কিভাবে মোকাবিলা করা যায় সে সম্পর্কে আলোচনা করেন এ বিশেষজ্ঞ। এসব সমস্যা সমাধানে একযোগে কিভাবে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওয়াখিনিংগেন বিশ্ববিদ্যালয়ের এলামনাই ড. নাঈমা জিহান জিনিয়া। সেমিনারে প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। সেমিনারে নোবিপ্রবির এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, এগ্রিকালচার এবং ওশানোগ্রাফি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন এবং শিক্ষক প্রতিনিধিগণ স্ব স্ব বিভাগের পক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
পরে সিনিয়র রিসার্চার ক্যাথেরিন টারভিস্কা ভ্যান শেলটিঙ্গা নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ল্যাব ঘুরে দেখেন। এ সময় নোবিপ্রবির পক্ষ থেকে রিসার্চার ক্যাথেরিন টারভিস্কা এবং ড. নাঈমা জিহান জিনিয়ার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
