চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৭ জন প্রসূতির নরমাল ডেলিভারি সম্পন্ন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৪ অক্টোবর, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সেপ্টেম্বর মাসে রেকর্ড সংখ্যক ১২৭ জন মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এ ছাড়াও সিজার অপারেশান হয়েছে ৮ জন মায়ের। এর আগের আগস্ট মাসে নরমাল ডেলিভারির সংখ্যা ছিল ১০৭ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা বাড়ার ফলে নরমাল ডেলিভারির সংখ্যা দিনের পর দিন বাড়ছে। সাধারণ মানুষের ধারণা, হাসপাতাল মানেই সিজারিয়ান অপারেশান। এই ধারণা পাল্টে দিয়েছে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতাল। নরমাল ডেলিভারির এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে সাধারণ মানুষ আর বে-সরকারি হাসপাতালমুখি হবেনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান দিনের পর দিন বাড়ছে। গত সেপ্টেম্বর মাসে রেকর্ড ১২৭ মায়ের নরমাল ডেলিভারি হয়েছে।
তিনি বলেন, এই রেকর্ড সংখ্যক নরমাল ডেলিভারি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতার স্বাক্ষর রাখে এবং আমাদের এক বড় অর্জন। এ সাফল্য প্রমাণ করে যে, জনগণ সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা রাখছেন। আমরা আগামী দিনে আরও উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, এ ধারা অব্যাহত থাকলে প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার আরও কমবে এবং নিরাপদ মাতৃত্ব বাস্তবায়নে এ স্বাস্থ্য কমপ্লেক্স অগ্রণী ভূমিকা রাখবে।
