চৌদ্দগ্রাম অভিযানে ৫ লক্ষাধিক টাকা অর্থদন্ড

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ মার্চ, ২০২৬ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম ফসলি জমির মাটিকাটা বন্ধে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল আমিন কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কর্তন করায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অপর আরেকটি অভিযানে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় তিনজন অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ড ও ৫শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। এ সময় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা এলাকায়ও অভিযান পরিচালনা করেন তিনি। তবে দেড়কোটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খোঁজ পেয়ে মাটির ট্রাক্টর ও ভেকু রেখে সরে যায়। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিল।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুরুল আমিন জানান, ফসলি জমির টপ সয়েল রক্ষায় এবং অবৈধ ভাবে মাটি কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে আমরা উপজেলার তিনটি পৃথকস্থানে অভিযান পরিচালনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *